টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ারসহ গ্রেফতার ৩
অনলাইন ডেস্ক
রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ছানোয়ার হোসেনসহ (৫৪) দলটির তিন নেতাকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।
ভাটারা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। গ্রেফতার সালাউদ্দিন সালেক সেই মামলায় এজাহারনামীয় ও সাবকে এমপি ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী মামলার তদন্তেপ্রাপ্ত সন্দেহভাজন আসামি।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
