টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সল্লা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক ভুঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মন্ডলের ছেলে সওকত মন্ডল ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। দুর্গাপূজা উপলক্ষে নয়ন তার শ্বশুরবাড়ি সল্লা বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজামণ্ডপ থেকে অটোরিকশায় সল্লায় ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস্ পরিবহনের একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার থাকা শিশুসহ আটজন গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে নয়নের মৃত্যু হয়। অন্য আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশার চালক সওকত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই আবিদ হোসেন খান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে।

এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) ভোরে একই স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights