টাঙ্গাইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিতে আলোচনা সভায় বক্তৃতা করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফ্জ্জুামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এরপর একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, ওয়ান বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights