টাঙ্গাইলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে নূরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়চওনা বিন্নাখাইড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত ডালিম উদ্দিনের বড় ছেলে। পরিবারের সদস্যরা দাবী নূরুল ইসলাম ঋণের টাকা শোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে নূরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃদ্ধের ছোট ভাই নূর জামাল জানায়, পরিবার নিয়ে আলাদা থাকতেন বড় ভাই। তিনি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ কারণে মানসিকভাবে বিপর্যস্তও ছিলেন। কোনভাবেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights