টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, যোগাযোগ ব্যাহত
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক ডোবার পানিতে পড়েছে। শনিবার ভোরে উপজেলার দুল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, এই বেইলি ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ছিল। শনিবার ভোর রাতে বালুবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় ভেঙে ট্রাক পানিতে পড়ে যায়। এতে টাঙ্গাইলের সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ১ থেকে ৫ কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে টাঙ্গাইল শহরের সাথে যোগাযোগ করা যাচ্ছে।
স্থানীয়রা আরও বলেন, সড়কটি অত্যন্ত গুরত্বপূর্ণ সড়ক। ব্রিজ ভেঙে মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা প্রয়োজন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন মৃধা বলেন, রাতে ট্রাক ভেঙে নদীতে পরার ঘটনায় ট্রাকের ভিতর থেকে চারজনকে উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজন আহত হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, রাতে ভেঙে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের দুই পাশে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনারোধে রাত থেকে গ্রাম পুলিকে ডিউটিতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়াও সড়ক বিভাগকে অবগত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করা হবে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, আজকেই ব্রিজটি খুলে আগামী ৭২ ঘণ্টা মধ্যে পুনরায় পুনঃস্থাপনের মাধ্যমে সরাসরি যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হবে।
