টাঙ্গাইলে মহাসড়কে গণপরিবহন সংকট, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এমন চিত্র দেখা গেছে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকেই মহাসড়কে গণপরিবহনের সংকট তৈরি হয়েছে। এ সংকটকে পুঁজি করে অসাধু গণপরিবহন চালক ও ছোট যানবাহনগুলো বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন করে ঢাকার দিকে যাচ্ছে।
চালক ও যাত্রীরা জানান, ঢাকায় বিএনপির সমাবেশ থাকায় নিজেদের পরিবহনের ক্ষতির ভয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে মালিকরা ও চালকরা। যার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। মহাসড়কে দুই একটি গণপরিবহন আসলেও তারা ভাড়া চাচ্ছে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে সিএনজিসহ বিভিন্নভাবে ঢাকায় যেতে হচ্ছে প্রয়োজনের তাগিদে।
তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ঢাকায় আজ বড় দুই দলের সমাবেশ থাকায় নাশকতা এড়াতে মহাসড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে কার্যক্রম পরিচালনা করছেন তারা।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ডাকাতি বন্ধে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চারটি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে প্রতিদিনের ন্যায় নিয়মিত তল্লাশি করা হচ্ছে।
