টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি, তীব্র সমালোচনা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত মেলার স্টল নির্মাণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। মেলা শেষ হলেও এ ঘটনায় নিন্দা, ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন সচেতন মহল।

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিসিক আয়োজিত এ মেলাকে ঘিরে পুরো উদ্যানজুড়ে স্টল নির্মাণ করা হয়। এতে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যগুলো পেছনে পড়ে যায় এবং সামনে স্টল বসানো হয়। গত ২৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মেলার উদ্বোধন করেন।

মেলার শেষ দিন গত রবিবার (৩ মে) রাতে ভাস্কর্যের গলায় দড়ি বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ছবিতে দেখা যায়, স্টলগুলোর টানানো রশি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের গলায় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই রশিতে কাপড় ঝুলছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। আল আমীন খান নামের এক ব্যক্তি লেখেন, ‘বীরের গলায় মেলার দড়ি! এ লজ্জা কি শুধু টাঙ্গাইলবাসীর?’ উদীচী টাঙ্গাইল জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক মীর নাসিমুল ইসলাম মন্তব্য করেন, ‘এটি শুধু অব্যবস্থাপনা নয়, এটি ইতিহাসের অপমান।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল আমীন লেখেন, ‘যাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে, মেলার ব্যবসার জন্য আজ তাদের গলায় দড়ি—এটা মেনে নেয়া যায় না।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনেকে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রবীণ শিক্ষাবিদ শামসুল হুদা বলেন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য আড়াল করে স্টল নির্মাণ করা অনুচিত, তার ওপর ভাস্কর্যের গলায় দড়ি টানানো অত্যন্ত নিন্দনীয়।

এ বিষয়ে বিসিক টাঙ্গাইল জেলার সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম জানান, মেলার নবম দিনের দিকে কে বা কারা এ কাজ করেছে তা তাদের জানা নেই। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই দড়ি খুলে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights