টানা ছুটিতে দেশের পার্বত্য অঞ্চলে পর্যটকের ঢল

আজহার মাহমুদ, চট্টগ্রাম
টানা তিন দিনের সরকারি ছুটি, শীতের আবহাওয়া ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। এই ভিড় নতুন বছরের প্রথম দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পর্যটন মৌসুমের এ সময়ে কক্সবাজারের ডজনখানেক পাঁচ তারকা হোটেলসহ পাঁচ শতাধিক ছোট-বড় হোটেল ও রিসোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত আগাম বুকিং হয়ে গেছে।

হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, বড়দিনের সঙ্গে নিয়মিত ছুটি যোগ হওয়ায় এবার পর্যটকের আগমন আগেভাগেই বেড়েছে। চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, বহু চেষ্টা করেও নির্দিষ্ট সময়ে পছন্দের রুম পাননি।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রয়েছে।

এদিকে, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির নীলাচল, নীলগিরি, সাজেক, কাপ্তাই লেকসহ বিভিন্ন পর্যটন স্পটেও পর্যটকের ভিড় বেড়েছে। পর্যটকের আগমনে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights