টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এ সময় তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে প্রবৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে ভিয়েতনাম। যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১ শতাংশ, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি প্রায় ১১ শতাংশ।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চীনের এই শেয়ারটা আসলে এতটা ম্যাসিভ যে, এখানে অন্যরা সেই অনুপাতে গ্রো করতে পারেনি। এই গ্রো করতে না পারার কারণে আমরা বলছি যে, দ্বিতীয় স্থানে আছি। দ্বিতীয় আর প্রথমের যে তফাত বা পার্থক্য তো ৩৮ আর ১৫৭ বা ১৫৫।

তিনি আরও বলেন, বাংলাদেশের যে ৩৮ বা ভিয়েতনামের ৩৭, এইযে বাকি যে ব্যবসা আছে, এখানেও কিন্তু কম-বেশি সবই আসলে চায়না থেকেই আসছে, শ্রমটা বাদে।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, ভিয়েতনাম কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে। আবার এদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে—এরাই তো মূল প্লেয়ার। কম্বোডিয়াও ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মানে হলো যে, বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়, এটিকে ধরে রাখতে হবে আরও বেশ কিছুদিন। অন্তত এই জায়গাটা যেন কেউ না নিয়ে যায় এবং আরও দ্রুত আগোতে হবে। সে ক্ষেত্রে আমাদের অটোমেশনটা দরকার।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে এখনও শীর্ষে রয়েছে চীন। বাংলাদেশের পর তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম অবস্থানে রয়েছে তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights