টানা পাঁচবার শতভাগ নির্ভুল ইএ স্পোর্টসের বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী
অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে— এই প্রশ্নের উত্তর বাস্তবের আগেই দিয়ে দিয়েছিল জনপ্রিয় ভিডিও গেম ইএ এফসি। এবারের বিশ্বকাপ শুরুর আগেই ইএ স্পোর্টসের প্রকাশিত সিমুলেশনে স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়েছিল। বিশ্বকাপ শেষেও মিলেছে সেই পূর্বাভাস। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।
গত জুনে প্রকাশিত ইএ এফসি-এর বিশ্বকাপ সিমুলেশনে দেখানো হয়েছিল, লামিনে ইয়ামালদের হাতেই উঠছে বিশ্বকাপের ট্রফি। বাস্তবেও ঠিক তাই ঘটেছে।
স্পেনের এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উল্লাস প্রকাশ করে ইএ স্পোর্টস লিখেছে, আমরা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলাম। আপনারা খেলেছেন, আর স্পেন সেটিকে বাস্তবে রূপ দিয়েছে। টানা পাঁচবার সঠিক ভবিষ্যদ্বাণী! দ্বিতীয় তারকার জন্য অভিনন্দন, স্পেন!
বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে তা নিয়ে ২০১০ সাল থেকেই শতভাগ নির্ভুল পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। এটি ছিল তাদের টানা পঞ্চম সফল ভবিষ্যদ্বাণী। এক নজরে দেখে নেওয়া যাক ইএ স্পোর্টস-এর সেই জাদুকরী রেকর্ডের তালিকা:
২০১০: স্পেন
২০১৪: জার্মানি
২০১৮: ফ্রান্স
২০২২: আর্জেন্টিনা
২০২৬: স্পেন
২০১০ সালের বিশ্বকাপ থেকে এই ধারাবাহিক সাফল্যের পথচলা শুরু। আগে গেমটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার লাইসেন্সে প্রকাশিত হলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে এটি ‘ইএ এফসি’ নামে বিশ্বজুড়ে গেমারদের মাতিয়ে রাখছে।
২০২৬ আসরের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের চোখধাঁধানো একমাত্র গোলে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় লা রোহারা। আর সেই সঙ্গেই ফুটবলপ্রেমীদের উল্লাসের মাঝে ইএ এফসির ভার্চুয়াল ভবিষ্যদ্বাণী আরও একবার রূপ নিল চাক্ষুষ বাস্তবে।
