টানা বর্ষণে বাঁশের সাঁকো নদীতে বিলীন, দুভোর্গে গ্রামবাসী

দিনাজপুর প্রতিনিধি

দু’দিনের টানা বর্ষণে দিনাজপুরের নদী নালা খাল বিলের পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাতে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের কারণে নদীর পাড় নদীগর্ভে বিলীন হচ্ছে মানুষের চলাচলের রাস্তা, কৃষকের উৎপাদিত ফসল ও কৃষি জমি।

এদিকে স্রোতে কারণে গতকাল বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির বড়হাট এলাকার ‘পাথরঘাটা’ নদীর পাড় ঘেঁষে বৃষ্টিশপাড়া এবং প্রফেসর পাড়ার মানুষের চলাচলের জন্য নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে যায়। স্রোতে সাঁকোর পাশাপাশি চলাচলের জন্য সড়কের কিছু অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।

এ ব্যাপারে বীরগঞ্জের বড়হাট গ্রামের কলেজ ছাত্র শোভন শর্মা রনি বলেন, রাস্তাটি নদীর ধার ঘেঁষে হওয়ায় সামন্য বৃষ্টিতে ভেঙে যায়। এলাকাবাসীর ব্যক্তিগত অর্থায়নে প্রতিবার মেরামত করা হলেও ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। ফলে রাস্তা এবং কৃষি জমির কিছু অংশও নদীগর্ভে বিলীন হতে চলেছে। দুইদিনের বৃষ্টিপাতে রাস্তা ও সাঁকো ভেঙে যাওয়া ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।
মোহনপুর ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, আনুমানিক দু’বছর পূর্বে তার এবং এলাকাবাসীর সহযোগীতায় বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। এই সাঁকো দিয়ে বৃষ্টিশপাড়া এবং প্রফেসর পাড়ার প্রায় চার শতাধিক মানুষ যাতায়াত করে। সাঁকোর উপর দিয়ে সিপাইদীঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু দু’দিনের টানা বর্ষণে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সাঁকোটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়ে এই এলাকার মানুষ। সাঁকোটি দ্রুত নির্মাণে সরকারি পদক্ষেপ কামনা করেন তিনি।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম চৌধুরী শাহিন জানান, এলাকাবাসীর উদ্যোগে নির্মাণের পর এলাকাবাসীকে সাথে নিয়ে সাঁকোটি পরিদর্শন করেছি। কিন্তু গত দুইদিনের বৃষ্টিতে নদীর পাড় ভেঙে যাওয়ায় রাস্তা এবং ফসলি জমিসহ সাঁকোটি নদীতে ভেঙে পড়ে। এই সাঁকোটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিতভাবে আবেদন করা হবে। প্রশাসন বিষয়টি বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights