টানা বৃষ্টিতে গাইবান্ধায় কৃষি ও মৎস্যে ব্যাপক ক্ষতি
গাইবান্ধা প্রতিনিধি
কয়েক দিনের টানা বৃষ্টিপাতে গাইবান্ধায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার সাত উপজেলার প্রায় এক হাজার ১৫৪টি পুকুর ও দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ৩০৫ হেক্টরের বেশি কৃষিজমি পানির নিচে চলে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ জানান, প্রাথমিকভাবে তারা একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেই তথ্য অনুযায়ী, একহাজার ১৫৪টি পুকুর ও দিঘি এবং প্রায় ১৫০.৭০ হেক্টর জলাশয়ের মাছচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুন্দরগঞ্জ উপজেলায়। সেখানে ৩৮৫টি পুকুর ও দিঘি এবং প্রায় ৩১.২৩ হেক্টর জলাশয়ের মাছ ভেসে গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতি হয়েছে সদর উপজেলায়। সেখানে ১৩.৪৫২ হেক্টর জলাশয়ের মাছচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি ৮ লাখ ৮৫৫ টাকা।
মৎস্য খাতের পাশাপাশি কৃষির বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, বন্যায় ১২৭ হেক্টর আউশ ধান, ৯০.৫ হেক্টর শাক-সবজি, এবং ৫ হেক্টর পাট, ২.৫ হেক্টর মরিচসহ সব মিলিয়ে প্রাথমিক হিসেবে ৩০৫ হেক্টর কৃষিজমি ক্ষতির মুখে পড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আসাদুজ্জামান বলেন, কৃষি জমির পাশাপাশি গ্রীষ্মকালীন সবজির ক্ষেত্রেও বড় ধরনের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে জেলায় ৩০৫ হেক্টর জমির ৪ হাজার ১৬ জন কৃষকের আবাদ নষ্ট হয়েছে। পানি নামলে ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
