টানা বৃষ্টিতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণ সাময়িক বন্ধ

বান্দরবান প্রতিনিধি

টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি এবং পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল ফয়সাল।

তিনি জানান, শনিবার থেকে টানা বৃষ্টির কারণে সাঙ্গু নদী ও পাহাড়ি ছড়াগুলোতে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তিন্দু, রেমাক্রীসহ উপজেলার সব পর্যটন স্পটে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃষ্টিপাত কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটকদের জন্য এসব স্থান খুলে দেওয়া হবে।

এদিকে সাঙ্গু নদীতে তীব্র স্রোতের কারণে ইঞ্জিনচালিত নৌযান চলাচলও বন্ধ রয়েছে। ফলে তিন্দু, রেমাক্রীসহ দুর্গম এলাকার বাসিন্দারা উপজেলা সদরের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করতে পারছেন না।

অন্যদিকে, টানা বর্ষণের কারণে সোমবার সকালে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া মাটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights