টানা বৃষ্টি, লেকে ফাটল, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়

কলকাতা প্রতিনিধি

উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য সিকিম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত থেকে টানা বর্ষণ শুরু হলে উত্তর সিকিমের মঙ্গান জেলার লোনাক লেকে ফাটল দেখা দেয়। একই সঙ্গে তিস্তা নদীতে আচমকা পানির স্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। এ কারণে সৃষ্ট প্রবল স্রোতে ভেসে গেছে আশপাশের ঘরবাড়ি, গাড়ি ও গাছপালা।

জানা গেছে, এ ঘটনায় সিকিম থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে চুংথাম এলাকা। কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কও তলিয়ে ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেনা ছাউনিও। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তাদের ২৩ জন জওয়ানের খোঁজ মিলছে না।

একটি সূত্র জানায়, তিস্তা নদীর পাশেই ছিল একটি সেনা ছাউনি, সেটি হঠাৎ করে পানির তোড়ে ভেসে যায়। নিখোঁজ ২৩ জনই ওই সেনা ছাউনির জওয়ান। পানিতে ভেসে গেছে সেনাবাহিনীর একাধিক গাড়ি। এ ছাড়া স্থানীয় নাগরিকদের অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সেনা সূত্র জানায়, সব মিলিয়ে নিখোঁজের সংখ্যা ৪৩ জন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তিস্তার পানি ক্রমশ উত্তরবঙ্গের দিকে ধাবিত হচ্ছে। এতে জলপাইগুড়িসহ উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে সিকিমে প্রাকৃতিক বিপর্যয় এবং ২৩ জন জওয়ানের নিখোঁজ থাকার খবরে উদ্যোগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি উদ্ধারকাজে সিকিম সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। টুইট করে তিনি লিখেছেন, ‘সিকিমে একটি আকস্মিক মেঘ ও তারপর বন্যার কারণে ২৩ জন সৈন্য নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ তদারকির জন্য রাজ্যের সিনিয়র মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের উত্তরবঙ্গে পাঠানো হয়েছে। এই ভয়াবহ দুর্যোগে যাতে প্রাণহানি না হয় সে জন্য কড়া নজরদারি রাখা হচ্ছে।’

এ ছাড়া সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাং গোলের সঙ্গে কথা বলে বিপর্যয় সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights