টিকিট নিয়ে তুলকালাম
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে গতকাল। টুর্নামেন্ট শুরুর দিনই টিকিট না পেয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাপক বিক্ষোভ করেছে ক্রিকেটপ্রেমীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা স্টেডিয়ামের ২ নম্বর গেটে ভাঙচুর করে। বিশৃঙ্খলা ও উত্তেজনা থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে।
ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। এমন উত্তপ্ত পরিবেশের মুখে দুর্বার রাজশাহীর টিম বাস ২ নম্বর গেট দিয়ে ঢুকতে ব্যর্থ হয়ে ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। বাধাগ্রস্থ হয় ক্রিকেট দলগুলোর অনুশীলন। গতকাল দীর্ঘ সময় কাউন্টারে লম্বা লাইনে দাড়িয়েও টিকিট সংগ্রহ করতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। পরে স্টেডিয়ামের বাইর বিক্ষোভ করে। এক পর্যায়ে ২ নম্বর বা মুল ফলক ভেঙ্গেও ফেলে। টুর্নামেন্ট শুরুর আগের দিনও স্টেডিয়ামপাড়া ছিল উত্তাল। ওই দিন স্টেডিয়াম সংলগ্ন কাউন্টারে টিকিট সংগ্রহের জন্য সকাল থেকে লাইনে দাড়ায় দর্শকরা। কিন্তু বিসিবি টিকিট ছাড়েনি। এমনকি কোনো তথ্যও জানায়নি। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অনেকটা বাধ্য হয়ে খেলা শুরুর আগে অনলাইনে বিসিবির নতুন ওয়েবসাইট ও সশরীরে মধুমতি ব্যাংকের নির্ধারিত ৭টি শাখায় টিকিট বিক্রয় করা হবে জানায় বিসিবি। ম্যাচের আগের দিন অবশ্য সন্ধ্যায় টিকিট বিক্রি হয় প্রথম দিনের ম্যাচে দুই ম্যাচের। গতকাল টিকিট পেতে স্টেডিয়ামের ১ ও ২ নম্বর গেটের সামনে ভীড় জমান টিকিট প্রত্যাশীরা। কিন্তু বিসিবি থেকে জানানো হয় অনলাইন ও মধমুতি ব্যাংকের ব্রাঞ্চ ছাড়া টিকিটি পাওয়া যাবে না। এরপরই পরিস্থিতি বেসামাল হয়ে পরে। মুল ও ২ নম্বর গেটের সামনে বিপিএলের প্রচারণার জন্য সাজানো ব্যানার, হোর্ডিং, ফেস্টুন সব ছিঁড়ে ফেলে বিক্ষুদ্ধ ক্রিকেটপ্রেমীরা। এক পর্যায়ে লোহার গেট ভেঙ্গে ফেলে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিসিবির স্বেচ্ছাসেবীদের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় ক্রিকেটপ্রেমীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান জানায়, বিপিএল ম্যাচের টিকিট কিনতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন টিকিট বুথে সারি ধরে দাঁড়ান টিকিটপ্রত্যাশীরা। একপর্যায়ে টিকিট না পেয়ে কিছু লোক উত্তেজিত হয়ে ওঠেন। পুলিশ উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, স্টেডিয়ামের দুই নম্বর ফটকে কিছু লোক টিকিটের জন্য জড়ো হয়েছিল। তখন বিসিবির লোকজন তাদের বলেন- এখান থেকে টিকিট দেওয়া হবে না। তখন টিকিটপ্রত্যাশীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
