টি-টোয়েন্টিতে ৪২৭ রান করে বিশ্ব রেকর্ড গড়লো আর্জেন্টিনা

এবার ক্রিকেটেও সাড়া ফেলে দিয়েছে আর্জেন্টিনা। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নের দেশ আর্জেন্টিনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২৭ রান নিয়ে বিশ্ব রেকর্ড করেছে দেশটির জাতীয় নারী ক্রিকেট দল।

শুক্রবার চিলির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচে এক উইকেট হারিয়ে পাহাড়সম এ সংগ্রহ দাঁড় করায় তারা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। রেকর্ডের এখানেই শেষ নয়।

বুয়েনস আইরেসে আর্জেন্টিনার পাহাড়সম সংগ্রহ তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় চিলি। হেরেছে ৩২৭ রানে। রানের হিসাবে যা টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান আর্জেন্টিনার দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান। উদ্বোধনী জুটিতে ৩৫০ রান যোগ করেন তারা, যেটাও বিশ্বরেকর্ড। ৮৪ বলে ২৭ চারে ১৬৯ রানে আউট হন লুসিয়া টেলর। নারী টি-টোয়েন্টির ইতিহাসে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

আরেক ওপেনার গালান ৮৪ বল খেলেই ২৩ চারে অপরাজিত থাকেন ১৪৫ রানে। পুরো ২০ ওভারে একটি উইকেটই হারায় আর্জেন্টিনা।

অন্যদিকে, চিলির বোলারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের। ফ্লোরেন্সিয়া মার্তিনেসের কথাই একবার ভাবুন। এক ওভারে ৫২ রান খরচ করেছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। অথচ ছয় বলে ছক্কা মারলেও ৩৬ রানের বেশি আসার কথা নয়। কিন্তু চিলির বোলাররা এতোটাই অতিরিক্ত রান দিয়েছেন যে, যা ঠাঁই নিয়েছে রেকর্ডের পাতায়। বাই থেকে ১, ওয়াইড থেকে ৮, নো বলে ৬৪ রান দিয়েছেন (সবমিলিয়ে ৭৩ রান) তারা। সবচেয়ে খরুচে বোলিং করেছেন কনস্তানসা ওয়ারসে। ৪ ওভারে ৯২ রান খরচ করে লজ্জার রেকর্ডটি নিজের করে নিয়েছে তিনি।

এর আগে নারী টি-টোয়েন্টিতে দলীয় সংগ্রহের আগের রেকর্ডটি ছিল বাহরাইনের। গত বছরের মার্চে সৌদি আরবের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights