টুর্নামেন্ট শেষের আগেই জোন্সকে অব্যাহতি দিল বাফুফে

অনলাইন ডেস্ক
উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের টানা দুই ম্যাচে হার, গোল করতে না পারা এবং দলের বিবর্ণ পারফরম্যান্সের জেরে কোচের পদ থেকে জেরার্ড জোন্সকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে।

এতে আরও বলা হয়েছে, আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’

জানা গেছে, এএফসি বাছাইয়ে শেষ দুই ম্যাচে দলের কৌশলগত সিদ্ধান্ত ও খেলোয়াড়দের পারফরম্যান্সে স্পষ্ট ঘাটতি ফুটে উঠেছিল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রত্যাশিত ফল না আসায় দেশের ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। মূলত দলের পারফরম্যান্সে গতি ফেরানো এবং সামনের টুর্নামেন্টগুলোর প্রস্তুতি নতুন করে সাজাতেই বাফুফে এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

উজবেকিস্তানে আজ রিকভারি সেশন করবেন নাজমুল ফয়সাল, অ্যাডাম আব্বাসরা। স্থানীয় সময় বিকেল ৪টায় আতিকুর রহমান মিশুর অধীনে অনুশীলন করবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights