টেকনাফে চাঞ্চল্যকর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার মোটিভ উদঘাটনসহ এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতার আসামি হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার মো. আইয়ুবের ছেলে নুর হাফেজ (২৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার অনুসন্ধানে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকালে ভিকটিম তাহমিনা আক্তার (৭) মাদ্রাসায় গিয়ে স্কুলের পাশে খেলাধুলা করার সময় একই ওয়ার্ডে বসবাসরত রোহিঙ্গা নুর হাফেজ তাকে প্রলোভন দেখিয়ে তার ইজিবাইকে (টমটম) করে এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়। মূলত নুর হাফেজ উক্ত ভিকটিমের কানের স্বর্ণের দুলের লোভে তাকে নিয়ে যায় বলে জানায়। কানের দুল দুটি তার কান থেকে নিয়ে নিলে ভিকটিম তার বাবা-মাকে বলে দেবে বললে তখন ঘাতক নূর হাফেজ চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করার চেষ্টা করে।

তখন ভিকটিম বেশি নাড়াচাড়া করলে বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। তার মৃত্যু নিশ্চিত হলে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দেয় এবং সন্ধ্যা হলে সে বস্তাবন্দি লাশটি রাস্তার পাশে ফেলে চলে যায়। পরে র‌্যাব ছায়া তদন্তসহ ঘাতকদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নুর হাফেজকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights