টেকনাফে ধর্ষণ ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার খোনকারপাড়া ও ডেগিল্লার বিল এলাকায় পৃথক দুটি অভিযানে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খোনকার পাড়া মৃত বদিউর আলমের ছেলে শাহজাহান মিয়া (২৭) ও সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ডেগিল্লার বিলের জহির আহমদের ছেলে মো. ইসমাইল (৪৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পৃথক দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজারের গোয়েন্দা তৎপরতা চলমান ছিল। একপর্যায়ে বুধবার রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন খোনকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহজাহান মিয়াকে (২৭) গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও একইদিন রাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন ডেগিল্লার বিল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বাকলিয়া থানায় দায়েরকৃত মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইসমাইলকে (৪৫) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নিজেদের ওয়ারেন্টভুক্ত আসামি বলে স্বীকার করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানায়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights