টেকনাফে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে নৌকা তল্লাশি করে পাটাতনের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের আশিকানিয়া এলাকা সংলগ্ন নাফনদীর কিনারা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ১ কিলোমিটার উত্তর দিকে আশিকানিয়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যে সাবরাং বিওপির চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। বিজিবির টহলদল চারজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা নৌকা হতে লাফিয়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, চোরা কারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights