টেকনাফে মদ-ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৯৮ বোতল বার্মিজ মদ এবং একটি কাঠের নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ দিকে হ্যাচারখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হ্যাচারখাল এলাকায় নাফনদীর কিনারায় আসতে দেখে।
এ সময় টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিগণ নৌকা থেকে লাফিয়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশী করে ৩টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯৮ বোতল বার্মিজ মদ (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights