টেকনাফে মাদক মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সাবরাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. ফরহাদ প্রকাশ ফয়সাল (৩০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দুলীপাড়া এলাকার বেলা মাছনের পুত্র । সে দীর্ঘ সাত বছর ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সুকৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় সাবরাংয়ের চান্দুলীপাড়ায় ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

​উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রামু থানায় ২০১৭ সালের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই সে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights