টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজিরপাড়া নুরুল ইসলামের ছেলে রফিক আহমদ (৪২)। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে রফিক আহমদ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের শয়নকক্ষে সিলিং এর উপরে একটি সাদা বস্তার ভেতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশি করে সর্বমোট ১ লক্ষ ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই পাঁচজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারি জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করে থাকে। পরবর্তীতে অত্যন্ত কৌশলে আর্থিক লাভের জন্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিভিন্ন পন্থায় নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights