টেকনাফে র্যাবের অভিযানে আইস উদ্ধার, আটক ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে অনুমানিক ১০ কোটি টাকা মূল্যমানের ২ কেজি অবৈধ মাদক ক্রিস্টাল মেথ (আইস) এর চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত মাদক কারবারি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিঞ্জিরাপাড়া) এলাকার মৃত নজির আহম্মদের ছেলে খাইরুল বশর (৩২)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার গোপন সংবাদের র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, ক্রিস্টালমেথ নামক মাদক কারবারি চক্র পার্শ্ববর্তী দেশ হতে মাদকের চালান নিয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাব বর্ণিত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজারে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আইসের চালানটির মূলহোতা খাইরুল বশরকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত খাইরুল বশর’কে জিজ্ঞাসাবাদে সে তার ডানহাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতরে ক্রিস্টালমেথ বা আইস রয়েছে বলে স্বীকার করে। উক্ত তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে সর্বমোট ২ কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়।
