টেকনাফে সাগরে ভেসে আসা রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ এলাকা থেকে রোহিঙ্গা যুবকের একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ কবির জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ১৫ এর বাসিন্দা।

শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়ার ট্রলার মালিক সমবায় সমিতি সভাপতি আবদুল গফুর জানান , দুপুরে বেড়িবাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে গিয়ে পোশাকবিহীন একটি অর্ধগলিত মরদেহ বেড়িবাঁধের সঙ্গে আটকে থাকা অবস্থায় দেখতে পান তিনি। এরপর তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে জানান।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি টেকনাফ মডেল থানায় বিষয়টি জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তাঁর ধারণা, এটি রোহিঙ্গা কোনো ব্যক্তির মরদেহ হতে পারে। তবে পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও ১৩ জন নিখোঁজ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights