ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দর-রানীরবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে পিছন দিকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক রিপন চন্দ্র রায় নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত প্রায় পৌণে ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন চন্দ্র রায় (১৮) চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের ইয়াকুব চেয়ারম্যানপাড়ার বীরেন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও এলাকাবাসিরা জানায়, চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের ইয়াকুব চেয়ারম্যানের মোড়ের অদূরে একটি ইটবোঝাই ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ওই সময় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে চিনিবাসডাঙ্গা বাজার থেকে ইয়াকুব চেয়ারম্যানের মোড়গামী একটি মোটরসাইকেল পিছন দিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রিপন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে রানীরবন্দরে চিকিৎসকের নিকট নিয়ে আসে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights