ট্রাক থামিয়ে চালক ঘুমিয়ে পড়ায় ভয়াবহ যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে মেঘনা পর্যন্ত দীর্ঘ যানজট গভীর রাত থেকে অব্যাহত রয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা এবং কয়েকজন ট্রাকচালকের মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এ ঘটনায় শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, এর প্রভাব পড়েছে সংলগ্ন সড়কগুলোতেও। যাত্রাবাড়ি থেকে তারাবো এবং বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কগুলো স্থবির হয়ে পড়েছে। ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সোহাগ পরিবহন শিমরাইল কাউন্টারের ম্যানেজার মনির হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা একটি গাড়ি সকাল ১০টা বেজে গেলেও শিমরাইলে পৌঁছায়নি।

কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন বলেন, সোমবার (২৫ আগস্ট) রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে, যার ফলে যানজটের সৃষ্টি হয়। যানজটে পড়ে ট্রাকচালকেরা ঘুমিয়ে পড়েন। ফলে যানজট আরও দীর্ঘ হয়।

তিনি আরও জানান, ট্রাকচালকদের ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধীরে ধীরে যানবাহন সচল হতে শুরু করেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights