ট্রাফিক নিয়ন্ত্রণে কেমন করছেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পরিচালনায় গত ৪ নভেম্বর থেকে সকাল ও বিকেল- এই দুই শিফটে কাজ করবেন শিক্ষার্থীরা। শহরের যানজট কমাতে ট্রাফিক পুলিশকে সহায়তা করতেই তারা কাজ করবেন। তবে এবার স্বেচ্ছাশ্রমে নয়, পেশাদার হিসেবে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনের প্রচেষ্টায় ট্রাফিক পুলিশের পাশাপাশি পেশাদারভাবে এবার কাজ করছেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ডিসি তালেবুর জানান, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৬৫ জন প্রশিক্ষিত শিক্ষার্থীকে নিয়োজিত করা হয়েছে। প্রতিদিন তারা প্রতি শিফটে ৫০০ টাকা করে পাবেন। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ৩৫ জন শিক্ষার্থী বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টার দায়িত্ব পালন করছেন। জানা যায়, গত ৩০ অক্টোবর শ্রম, কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘোষিত বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা সকাল ও বিকেলে যানজটের সময় এই দায়িত্ব পালন করবেন এবং খন্ডকালীন চাকরি হিসেবে এই ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন। প্রায় ৭০০ প্রশিক্ষিত শিক্ষার্থী সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ৩০০-৪০০ জনকে মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ট্রাফিক আইন বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬০০ শিক্ষার্থীকে পদায়নের পরিকল্পনা নিয়েছে ডিএমপি। ৪ নভেম্বর ৬৫ জন শিক্ষার্থী তাদের দায়িত্ব পালন শুরু কপে’রণ, অন্যরা পর্যায়ক্রমে যোগদান করবেন।
