ট্রাম্পকে জাগিয়ে রাখতে ‘ইলেকট্রিক শক’, যা বললেন সেই নারী
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সরকারি অনুষ্ঠান চলাকালে তার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব ও অদ্ভুত সব জল্পনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য এবং তার পাশে দাঁড়ানো নারীর অঙ্গভঙ্গি নিয়ে এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রীতিমতো চর্চার ঝড় ওঠে।
তবে সব ধরনের উদ্ভট তথ্য ও ভুয়া তত্ত্বের অবসান ঘটিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন খোদ ওই নারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের বোতাম টিপে প্রেসিডেন্টকে জাগ্রত করার চেষ্টার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন; তিনি মূলত অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নিজের পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন।
গত সোমবার ওভাল অফিসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ঘটনাটির সূত্রপাত হয়। সেদিন শিশুদের টিকা-সংক্রান্ত সুপারিশ সংশোধনের জন্য এক নির্বাহী আদেশে স্বাক্ষর করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই ট্রাম্প বলে আসছেন যে শিশুদের বিভিন্ন টিকা একসঙ্গে না দিয়ে সময়ের ব্যবধান রেখে বেশ কয়েকটি ধাপে দেওয়া উচিত। সেই নির্বাহী আদেশ স্বাক্ষরের সময় ট্রাম্পের ডান পাশে দাঁড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং বাঁ পাশে দাঁড়িয়েছিলেন ওই নারী। সেখানে ধারণ করা ভিডিওতে দেখা যায়, তিনি বারবার মাথা নাড়ছেন এবং পেটের ওপর হাত দিয়ে আছেন। এই দৃশ্যটি ছড়িয়ে পড়ার পরপরই ইন্টারনেটে কিছু ব্যবহারকারী দাবি করতে থাকেন যে, প্রেসিডেন্টকে জাগিয়ে রাখতে নাকি ওই নারী একধরনের বৈদ্যুতিক শক বা বিশেষ সিগন্যাল দিচ্ছিলেন।
ব্যাপক কৌতূহল ও জল্পনার মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই নারীর আসল পরিচয় শনাক্ত করেন। তিনি হলেন জয়মি লি ফ্র্যাঙ্কলিন, যিনি রক্ষণশীল মিডিয়া ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘দ্য কনজারভেটর’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিত্তিহীন ও হাস্যকর তত্ত্বে তিনি নিজেও বেশ অবাক হন। পরবর্তীতে এক্স-এ পোস্ট করা এমন একটি উদ্ভট দাবি-সংবলিত বার্তা রি-টুইট করে নিজের প্রেগন্যান্সির কথা প্রকাশ করেন তিনি। এর আগে নির্বাহী আদেশে স্বাক্ষরের পরপরই ফ্র্যাঙ্কলিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার বাসিন্দা জয়মি লি ফ্র্যাঙ্কলিনের রাজনীতির মাঠে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তথ্যভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, তিনি পূর্বে ট্রাম্প প্রশাসনের একজন কর্মী ছিলেন। ২০২০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ফ্র্যাঙ্কলিন। এর আগে, ২০১৯ সালে তিনি মার্কিন সিনেটে একজন লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ করেন এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় কোয়ালিশন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ট্রাম্পের প্রথম মেয়াদের হোয়াইট হাউসে ডিরেক্টর অব করেসপন্ডেন্স হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব সামলেছেন তিনি।
বর্তমানে ফ্র্যাঙ্কলিন নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘দ্য কনজারভেটর’ পরিচালনা করছেন। প্রতিষ্ঠানটির পরিচিতি অনুযায়ী, এটি মূলত রাজনীতি, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, ফ্যাশন, রূপচর্চা ও নারীত্বের সমন্বয়ে গঠিত একটি লাইফস্টাইল ও মিডিয়া ব্র্যান্ড। এর মূল লক্ষ্য হলো তরুণ রক্ষণশীল খ্রিষ্টান নারীদের উদ্দেশ্যে বিভিন্ন মৌলিক প্রতিবেদন, মতামত ও বিশ্লেষণমূলক বিষয়বস্তু তৈরি এবং প্রকাশ করা।
সাধারণ একটি সরকারি অনুষ্ঠানে ফ্র্যাঙ্কলিনের শারীরিক অবস্থান ও পেটে হাত রাখার স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তি তার এই স্পষ্ট বক্তব্যের মাধ্যমেই অবসান ঘটল।
সূত্র: এনডিটিভি
