ট্রাম্পের আমন্ত্রণে ফাইনালে থাকছেন মেক্সিকোর প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

শুল্কনীতিসহ বেশ কিছু বিষয়ে মতবিরোধের মধ্যেও ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। এবারের আসরের অন্যতম যৌথ আয়োজক দেশগুলোর অন্যতম এই নেত্রী জানান, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে তাকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও জানান, তিন যৌথ আয়োজক দেশের মধ্যে অপর দেশ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সেখানে উপস্থিত থাকবেন।

গত ১১ জুন শেইনবাম নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ওই সময় তিনি আজতেকা স্টেডিয়ামের জন্য পাওয়া তার টিকিটটি একজন আদিবাসী নারীকে উপহার দিয়েছিলেন। বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমানে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

শেইনবাম এ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে মাত্র একবারই সরাসরি সাক্ষাৎ করেছেন। গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘ড্র’ বা দল বিন্যাস অনুষ্ঠানে তাদের সেই সাক্ষাৎ হয়েছিল। মেক্সিকান গণমাধ্যমের খবর অনুযায়ী, নিউ ইয়র্কের কাছে ইস্ট রাদারফোর্ডে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে শেইনবামের উপস্থিত থাকার সুবিধার্থে মেক্সিকোর কুইন্টানা রু রাজ্যে তার সফরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

এদিকে ইয়ামালদের উৎসহ ও সমর্থন দিতে মাঠে উপস্থিত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া, ক্রাউন প্রিন্সেস লিওনর এবং ইনফান্টা সোফিয়া। তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই কুসংস্কারবশত স্টেডিয়ামে গিয়ে ফাইনাল খেলা দেখবেন না। আর্জেন্টিনায় ‘কাবালাস’ নামে পরিচিত বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন রীতি বা বিশ্বাস সেখানকার অনেক ফুটবল ভক্তের সংস্কৃতিরই অংশ। তারা প্রায়শই একই স্থানে বসে বা একই পোশাক পরে খেলা দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights