ট্রাম্পের ওপর হামলার আগে পরিবারের কাছে যে বার্তা পাঠান আক্রমণকারী

অনলাইন ডেস্ক

‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন ডিনারে গুলিবর্ষণের ঘটনার একদিন পর সন্দেহভাজন হামলাকারীর পাঠানো একটি বার্তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, অভিযুক্ত কোল টমাস অ্যালেন (৩১) হামলার আগে পরিবারের সদস্যদের কাছে একটি বার্তা পাঠান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিএনএন জানায়, সেই বার্তায় অভিযুক্ত অ্যালেন লেখেন, ‘যাদের বিশ্বাস ভেঙেছি, সবার কাছে ক্ষমা চাইছি।’ মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইচ্ছার কথাও উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, ‘আমি ক্ষমা আশা করি না।’

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে লস অ্যাঞ্জেলেসে বামপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর অ্যালেনের মধ্যে উগ্র বক্তব্য দেয়ার প্রবণতা দেখা যায়। তিনি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেন এবং নিয়মিত শুটিং রেঞ্জে অনুশীলন করতেন বলে জানান তার বোন।

কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন আগে অ্যালেন লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে যান এবং সেই হোটেলে ওঠেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ওই ডিনার অনুষ্ঠিত হচ্ছিল।

অ্যালেনের কাছে একটি দশমিক ৩৮ ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি ১২-গেজ শটগান ছিল বলে জানানো হয়েছে। হামলার আগে পরিবারের কাছে পাঠানো আরেক বার্তায় তিনি নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ হিসেবে উল্লেখ করেন এবং ট্রাম্পবিরোধী মনোভাব প্রকাশ করেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ডিনারের বাইরে নিরাপত্তা ভেঙে ঢোকার চেষ্টা করলে অ্যালেন কয়েক রাউন্ড গুলি চালান। এতে বুলেটপ্রুফ ভেস্ট পরা এক সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হন। পরে দ্রুত তাকে আটক করা হয় বলে জানান মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ।

বর্তমানে তদন্তকারীরা অ্যালেনের পাঠানো বার্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং পারিবারিক তথ্য বিশ্লেষণ করছেন। তার উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি প্রশাসনের সদস্যদের লক্ষ্য করেই হামলার চেষ্টা করেছিলেন। বার্তায় তিনি ডিটেনশন ক্যাম্পের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করেন।

অ্যালেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা করেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সি২ এডুকেশন নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে ‘টিচার অব দ্য মান্থ’ নির্বাচিত হন।

তিনি ‘বহরডম’ নামে একটি ভিডিও গেমও তৈরি করেন, যা স্টিম প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ‘দ্য ওয়াইড অ্যাওয়েকস’ নামের একটি বামপন্থী সংগঠনের সঙ্গেও যুক্ত হন। তদন্তে জানা গেছে, তিনি বৈধভাবে ২০২৩ সালে একটি পিস্তল এবং ২০২৫ সালে একটি শটগান ক্রয় করেন, যার জন্য এফবিআই ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হয়েছিল।

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী তার চলাফেরা ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং টরেন্সে তার সংশ্লিষ্ট একটি বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights