ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদের মনের গতি বুঝতে যে কৌশল নিয়েছিল ইরান: রিপোর্ট

অনলাইন ডেস্ক

যুদ্ধ অবসানে আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান। রবিবার এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে সেটি কার্যকর হবে।

এই চুক্তি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের ‘মাইন্ডগেম’ চলছিল বলে সংবাদমাধ্যমর প্রতিবেদনে দাবি করা হয়েছে। সে কারণে ইরান এক ধরনের কৌশল অবলম্বন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদলের মনোভাব কেমন থাকে, তার আচরণ কেমন হতে পারে, তারই একটা ‘ব্লুপ্রিন্ট’ করেছিল ইরান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে তাই দেশের দুই মনোবিদের সাহায্য নিয়েছিল তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইটের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

ইরান প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়, গত এপ্রিলে ইসলামাবাদে দু’দেশের প্রথম দফার বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বসার আগে তেহরান দু’জন মনোবিদকে নিয়োগ করেছিল। যদিও ওই বৈঠকে ট্রাম্প সরাসরি অংশ নেননি। কিন্তু আমেরিকার প্রতিনিধিরা কী বলতে চাইছেন, ট্রাম্পের নির্দেশই বা কেমন হতে পারে, তা নিয়ে একটা ‘মাইন্ডগেম’ চলছিল। সেই ‘মাইন্ডগেম’-এ এগিয়ে থাকতেই ট্রাম্পের মনোভাব এবং আচরণ বোঝা জরুরি ছিল বলে ওই সূত্রের দাবি।

ইরান প্রশাসনের ওই সূত্রকে উদ্ধৃত করে ড্রপ সাইট বলেছে, ‘‘প্রতিনিধিদলের মধ্যে দেশের দু’জন শীর্ষ মনোবিদকে রাখা হয়েছিল যাতে ট্রাম্পের মতিগতি বুঝতে পারা যায়। আর সে অনুযায়ী বৈঠকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওই বৈঠকে বসার আগে এই বিষয়টির উপরে জোর দেওয়া হয়েছিল।’’

ওই সূত্রের দাবি, মনোবিদেরা যেভাবে যেভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেভাবেই কাজ করা হয়েছে। শুধু তা-ই নয়, মনোবিদদের সেই পরামর্শ ইরানের আলোচনা কৌশলেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর সেই পরামর্শ কাজও করেছিল বলে দাবি ওই সূত্রের। গঠনমূলক আলোচনাও হয় ওই বৈঠকে।

ঘটনাচক্রে দেখা গেছে, প্রথম বৈঠক শেষ মূহূর্তে ভেস্তে গেলেও আমেরিকা কিন্তু যুদ্ধবিরতির সময় বাড়িয়েছিল। পাশাপাশি, ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করলেও পরের দিকে আগ্রাসী কৌশল থেকে সরে সমঝোতার রাস্তাতেই হাঁটার কৌশল নেওয়া শুরু করে ধীরে ধীরে।

ইসরায়েল যদিও ইরানের বিরুদ্ধে আগ্রাসী কৌশল নেওয়ার পক্ষেই বারবার তাগাদা দিয়েছে। কিন্তু দেখা গেছে, ট্রাম্প সেই ফাঁদে পা দেননি। বরং ইরানে সঙ্গে সমঝোতার রাস্তাতেই হেঁটেছেন। ফলস্বরূপ, রবিবার তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তি হয়।

তবে কি এবারের সমঝোতা চুক্তিতেও ট্রাম্পের মতিগতি বুঝতে মনোবিদদের সাহায্য নেওয়া হয়েছিল? যদিও সে প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। তবে এখন ১৯ জুনের (শুক্রবার) ওই বৈঠকের ওপরই নজর আন্তর্জাতিক মহলের। সূত্র: আইরিশ স্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights