ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে দেশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলে।

মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো। আগামী দুই বছরের মধ্যে অর্থনৈতিক সক্ষমতায় আরও অগ্রগতি অর্জন করা। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই সরকার দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন আমীর খসরু। এ সময় তিনি মেডিকেল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। অর্থমন্ত্রী বলেন, শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। স্বাস্থ্যসেবার পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে এবং গুণগত পরিবর্তন আনতে হবে। চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজেদের দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

সরকার প্রকল্প বাস্তবায়নে চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। এর মধ্যে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা এবং পরিবেশগত বিবেচনা আমলে নেওয়া হচ্ছে। তিনি বলেন, অতীতের মতো দুর্নীতি বা ব্যক্তিস্বার্থে নয়, যেসব প্রকল্প থেকে জনগণ সর্বোচ্চ উপকার পাবে, সেসব প্রকল্পেই বিনিয়োগ করা হচ্ছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ পুরো স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে প্রস্তুত। স্বাস্থ্যখাতে এবারের মতো এতো বড় বরাদ্দ অতীতে দেওয়া হয়নি। তবে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বৈশ্বিক সেরা চর্চাগুলো অনুসরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থ ব্যয় করলেই পরিবর্তন আসবে না; সেবার মান বাড়াতে প্রশাসনিক ও পেশাগত দক্ষতা বাড়ানোও জরুরি।

বিগত সরকারের বিভিন্ন দায়, আন্তর্জাতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার সাহসী বাজেট দিয়েছে বলেও মন্তব্য করেন আমীর খসরু। তার ভাষ্য, বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হলেও বিএনপি সরকার অতীতে সফল হয়েছে, এবারও বাস্তবায়ন করতে সক্ষম হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights