ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক চোরাকারবারির আত্মসমর্পণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে বিজিবির কাছে ৫০ জন চোরাকারবারি আত্মসমর্পণ করেছেন।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ। এছাড়াও সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজিবির সূত্রে যানা যায়, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের পাঁচটি গ্রামের অর্ধশতাধিক চোরাকারবারিরা আত্মসমর্পণ করেছেন। এসময় তারা চোরাকারবারির পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির কাছে লিখিত অঙ্গীকারনামা করেন।
৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেফতার হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরছে। এসব ঘটনা আমাদের মর্মাহত করে। সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক। আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে। দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে আজকে যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসলেন তাদের সাধুবাদ জানাই।
