ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্র মুরাদ হত্যার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। রবিবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকাবাসী অংশ নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা মুরাদ হত্যার সুষ্ঠু বিচারসহ মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবি জানায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ও সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।
এ সময় নিহতের স্বজনদের ও এলাকাবাসীকে সঠিক বিচারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা সড়ক ছেড়ে দেয়।
যানা যায়- গত ৩ মে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় শিশু মুরাদ হোসেন বাবু (১১)। পর দিন ৪ মে মাদ্রাসার পিছনে একটি ভূট্ট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ মে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ওই শিশুর বাবা দারুল ইসলাম। পরে ১৬ মে ওই মামলায় মাসুদ রানাকে (২১) গ্রেফতার করে পুলিশ। তবে গত ১০ জুলাই ঠাকুরগাঁও জেলা দায়রা জর্জ আদালত হতে জামিনে মুক্তি পায় মাসুদ।
