ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বাবুলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দৌলতুন নেছা ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন রানীশংকৈল থানায়। এছাড়াও তার ভাই মশিউর ও স্থানীয় বিজয়সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়।

অভিযুক্ত মনিরুজ্জামান বাবুল রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা। এছাড়াও তিনি বলিদ্বাড়া গ্রামের শামশুল হকের ছেলে। অভিযোগে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা ভুক্তভোগী দৌলতুন নেছার জমি দখল করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দফায় দফায় বসা হলেও কোনো সমাধান পাননি ভুক্তভোগী দৌলতুন নেছা। পরবর্তীতে নিজের জমিতে বাউন্ডারি ওয়াল গড়ে তোলেন তিনি। কিন্তু গত ২৭ জানুয়ারি রাতে ভুক্তভোগীর সীমানা প্রাচীর ভাঙচুর করেন অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা। এসময় তাকে বাধা দিতে গেলে ভুক্তভোগীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা। সেই সাথে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাবুল তাকে হুমকি দিয়ে আসছে। তিনি বলেন, আমার জমি দখল করে আমাকে হত্যা করে দেবে—এমন হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো দেখে তখনো তাকে কিছু বলা যায়নি। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তারপরেও তার ক্ষমতা যায় না। আমি আমার জমি বিক্রি করতে গেলে সে বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়। আমার জমিটি বায়নামা করেছি, সেই লোককেও সে মারধর করেছে। তার কথা, তাকে ৩ লাখ টাকা না দিলে সে আমাকে আমার জমিতে থাকতে দেবে না। আমি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছি। আমি আইনে বিশ্বাসী যে, তারা আমার পাশে থাকবে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারি বলেন, বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমি বেশ কয়েকবার বসেছিলাম। বাবুলকে বাধা দিয়েছিলাম এসব করতে, সে আমার কোনো কথা শোনে না। পরে ওই ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে বলেছি।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights