ঠাকুরগাঁওয়ে ২০০ মানুষের মাঝে গাছের চারা বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ২০০ জন মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)।
শুক্রবার বিকালে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সিরহাট মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার পাঁচজন শিক্ষার্থীর মাঝে জুব্বা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সমাজের প্রতিটি মানুষকে তিনি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। সেই সঙ্গে গাছ লাগানোর পর সেটির যত্ন নেওয়ার কথাও বলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহারা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক, মুন্সিরহাট জামে মসজিদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি নাসরিন বেগম, সাধারণ সম্পাদক রুনা লায়লা এবং ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি মজিবর রহমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে গাছ লাগানোর বিকল্প নেই। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এসপিডিএসের ভূয়সী প্রশংসা করেন তারা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমিন আক্তার বলেন, মানবতা, উন্নয়ন ও টেকসই পরিবর্তনের জন্য স্লোগানকে ধারণ করে এসপিডিএস দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত ২০০ জনের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
