ডরিয়েলটনের হ্যাটট্রিকে সবার ওপরে কিংস
ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন গোমেজের প্রত্যাবর্তনে বসুন্ধরা কিংসের চেহারাই বদলে গেল। দ্বিতীয় লেগে প্রথম ম্যাচে ঢাকায় না আসায় খেলতে পারেননি তিনি। গতকাল কিংস অ্যারিনায় মাঠে নেমেই নায়ক হয়ে গেলেন এ ব্রাজিলিয়ান। ডরিয়েলটনের হ্যাটট্রিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারিয়ে সবার ওপরে এখন পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠল কিংস। ম্যাচের আগে দুই দলেরই ১০ ম্যাচে সমান ২১ পয়েন্ট ছিল। এ জয়ে শিরোপার পথে এগিয়ে গেল কিংস। ফর্টিস ২১ পয়েন্টে এখন দ্বিতীয় স্থানে।
যারা জিতবে তারাই শীর্ষে উঠবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সমান লড়াই হয়েছে। ব্যবধানটা গড়ে দিয়েছেন ডরিয়েলটনই। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে কিংস। ১৯ মিনিটে ওকাফোরের দুরন্ত গোলে এগিয়ে যায় ফর্টিস। ম্যাচে সমতা ফিরতে অবশ্য দেরি করেনি কিংস। ২৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচ ১-১ করেন ডরিয়েলটন। ৫২ মিনিটে ফাহিমের পাস থেকে ডরিয়েলটন গোল করে কিংসকে এগিয়ে দেন। ৭৫ মিনিটে ফর্টিসের অনন্ত তামাং সমতা ফেরান। তিন মিনিট পরই ডরিয়েলটন তার হ্যাটট্রিক পূরণ করেন। শেষের দিকে নিশ্চিত গোলের সুযোগ হাত ছাড়া করায় ফর্টিসকে হেরেই মাঠ ছাড়তে হয়। এগিকে মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে এমেকার জোড়া গোলে ঢাকা আবাহনী ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে প্রথম লেগের প্রতিশোধ নিয়েছে। ব্রাদার্সের একমাত্র গোলটি করেন শায়েখ দোস্তি। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আবাহনী এখন তৃতীয় স্থানে। ১৮ পয়েন্টে রহমতগঞ্জ আছে চারে। ১০ এপ্রিল থেকে লিগের ১২তম রাউন্ড শুরু হবে।
