ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ডাকাত সন্দেহে আছাবুদ্দিন মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আছাবুদ্দিন মোল্লা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামের পাষাণ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকা থেকে শনিবার দিবাগত রাতে তুরাগ নদীতে ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন আছাবুদ্দিন মোল্লা ও নুর হাসান। তাদের নৌকাটি জিএমপির বাসন থানার মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি আছাবুদ্দিনকে নৌকা থামাতে বলেন। নদীতে স্রোত থাকায় নৌকাটি থামাতে সময় লেগে যায়।

পরে স্থানীয়রা নৌকাটিকে ধাওয়া করে এবং নৌকাটির উদ্দেশ্য করে ঢিল ছুঁড়তে থাকেন। পরে নৌকায় থাকা আছাবুদ্দিন মোল্লা ও নুর হাসানকে (৪০) নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আছাবুদ্দিন নিহত হন। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে আছাবুদ্দিন মোল্লার লাশ উদ্ধার করে এবং আহত নুর হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তি ডাকাত ছিলেন না বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি মাছ ধরতে গেলে এলাকার লোকজন সন্দেহবশত তাকে ধরে মারধর করলে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights