ডাচদের ঘরে গেল ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’

অনলাইন ডেস্ক

বিশ্বকাপজুড়ে সুষ্ঠু ও ক্রীড়াসুলভ আচরণের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডস জাতীয় দলকে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের ১-০ ব্যবধানে জয়ের পর ফিফা এই পুরস্কারের ঘোষণা দেয়।

এই পুরস্কারটি নেদারল্যান্ডসের জন্য কিছুটা সান্ত্বনা বয়ে এনেছে; কারণ ‘রাউন্ড অফ ৩২’-এ মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয় তারা। তবে ফাউল ও কার্ডের পরিসংখ্যান বিবেচনা করলে ডাচরা চলতি আসরে সবচেয়ে ‘পরিচ্ছন্ন’ দল ছিল না।

নেদারল্যান্ডস তিনটি হলুদ কার্ড পেয়েছিল, যা আলজেরিয়া, জার্মানি ও সেনেগালের সমান (এই দলগুলোও ‘রাউন্ড অফ ৩২’-এ বাদ পড়েছিল) এবং এমনকি কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের সমান। অন্যদিকে মোট ফাউলের ​​হিসেবে টুর্নামেন্টজুড়ে নেদারল্যান্ডস ৪৪টি ফাউল করেছিল; তারা কেবল জার্মানির(৫১টি) চেয়ে কম ফাউল করলেও আলজেরিয়া (২৯টি) ও সেনেগালের (৩৬টি) চেয়ে বেশি ফাউল করেছিল।

তবে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ প্রদানের ক্ষেত্রে কেবল ফাউল বা কার্ডের সংখ্যাই একমাত্র মাপকাঠি নয়। ফিফা প্রতিপক্ষের প্রতি দলের সম্মান এবং টুর্নামেন্টজুড়ে প্রদর্শিত ক্রীড়াসুলভ আচরণকেও বিবেচনায় নেয়। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে উন্নীত দলগুলোই কেবল ‘বিশ্বকাপ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়।

এটি নেদারল্যান্ডসের প্রথম ‘বিশ্বকাপ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’। ১৯৭০ সালে এই পুরস্কার প্রবর্তনের পর থেকে তারা এই পুরস্কার অর্জনকারী একাদশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights