ডাবলু সরকারকে আদালতে তোলার সময় ডিম, ইটপাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার বিকালে ডাবলু সরকারকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করে।

এদিন বিকাল পৌনে পাঁচটার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকাল পাঁচটার দিকে তাকে আদালত থেকে বের করা হয়।
এর আগে গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আবারও রিমান্ড চাওয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে রিমান্ডে নেওয়া হয়েছে। আগের বারও একই মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights