ডালাসে চলছে ফ্রান্স-স্পেনের প্রথম সেমিফাইনালের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে জমে উঠেছে শিরোপার লড়াই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের প্রস্তুতি শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডালাসে।

ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও শক্তিশালী স্পেন। বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

হাইভোল্টেজ এই লড়াই সামনে রেখে স্টেডিয়ামজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠের প্রবেশপথ থেকে শুরু করে দুই দলের ড্রেসিং রুম পর্যন্ত সবকিছু প্রস্তুত করা হচ্ছে। ম্যাচের জন্য মাঠকে পুরোপুরি উপযোগী করে তোলার কাজও চলছে।

দর্শকদের আসন প্রস্তুতের কাজও প্রায় শেষ পর্যায়ে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনাল ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের সমর্থকদের মধ্যে।

একদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসেদের নিয়ে শক্তিশালী ফ্রান্স। অন্যদিকে লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবালদের নিয়ে ছন্দে থাকা স্পেন। দুই ইউরোপীয় শক্তির লড়াই দেখতে এখন অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights