ডাসারে ক্ষুরা রোগে মরছে গরু, দিশেহারা কৃষকরা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে হঠাৎ করে দেখা দিয়েছে গরুর ক্ষুরা রোগ। এই ভাইরাস রোগে আক্রান্ত হয়ে নবগ্রাম ইউনিয়নে বৃহস্পতিবার পর্যন্ত ৬টি গরু মারা গেছে। এ ছাড়া এই ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে এলাকার বেশিরভাগ গবাদি পশু। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা।

বৃহস্পতিবার সরেজমিন উপজেলার নবগ্রাম ইউনিয়নের গ্রাম ঘুরে দেখা গেছে, ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে অধিকাংশ গরু। সঠিক সময়ে গরুর ক্ষুরা রোগের ভ্যাকসিন না দিতে পেরে গত এক সপ্তাহে বিভিন্ন স্থানে ৫টি গরু মারা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এ রোগে আক্রান্ত হলে গরুর শরীরে তাপমাত্রা বেড়ে যায়, পায়ের ক্ষুরায় ও মুখে ক্ষতের সৃষ্টি হয়। গবাদি পশুর শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। মুখ দিয়ে অনবরত লালা বের হতে থাকে। গরুর খাওয়া বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত গরু দুর্বল হয়ে চলাচলের শক্তি হারিয়ে ফেলে। একপর্যায়ে গরুটি মারা যায়।
নবগ্রাম ইউনিয়নের কৃষক দুলাল মৃধা জানান, আমার একটি ফ্রিজিয়ান জাতের একটি গাভী ও একটি বাছুর ছিল। সপ্তাহ খানেক ধরে ক্ষুরা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। প্রথমে রোগটি সম্পর্কে ধারণা ছিল না। এই রোগে আক্রান্ত হয়ে আমার একটি বাছুর ও একটি গাভী মারা গেছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের কোনো সহযোগিতা পাইনি।

ক্ষতিগ্রস্ত কৃষক সজল বৈদ্য কান্না জড়িত কন্ঠে জানান, আমার দুটি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি গরু লালন -পালন করে জীবিকা নির্বাহ করি। আমরা গরিব মানুষ কিভাবে বাঁচবো।

এ বিষয়ে ডাসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার বলেন, আমি এক সপ্তাহ ধরে সাভারে ট্রেইনিংয়ে আছি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি লোক পাঠিয়ে খোঁজ নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights