ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়িত্ব নেয়ার অঙ্গীকার: পরিবেশ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিগ্রি অর্জনের মূল লক্ষ্য শুধু ভালো চাকরি, বেতন বা সুযোগ-সুবিধা পাওয়া নয়। পরিবার, সমাজ, দেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশ করাই হওয়া উচিত নতুন প্রজন্মের প্রধান অঙ্গীকার।
রবিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই শিক্ষার্থীরা আজ এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশকে তিনি জীবনের একটি ‘ডিফাইনিং মোমেন্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, কর্মজীবন বেছে নেওয়ার সময় প্রত্যেককে নিজেকে প্রশ্ন করতে হবে—এই পথ দিয়ে আমি দেশ ও মানুষের জন্য কী করতে পারি।
পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য মানুষের সৃষ্টি নয়। তাই উন্নয়নের নামে এসব সম্পদ ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব ও নিরাপত্তার প্রশ্ন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবর্তন অন্যকে দেখে নয়, নিজের আচরণ পরিবর্তনের মাধ্যমেই শুরু করতে হবে।
রাজনীতি বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনীতি মানেই শুধু দলীয় কর্মকাণ্ড নয়। মানুষের অধিকার, সরকারের জবাবদিহিতা এবং নাগরিক দায়িত্বও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ।
তরুণদের রাজনীতি সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়—জাতীয় ঐক্য, সংলাপ ও সহনশীলতার পথেই দেশকে এগিয়ে নিতে হবে। জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি।
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উক্ত সমাবর্তনে Spring-2021 থেকে Summer-2025 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ বছর ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। পরে সোনারগাঁও ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
