ডিজেল ও অকটেন আমদানির জন্য বিকেলে জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির জন্য আজ শনিবার জরুরি ভিত্তিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক বসছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উভয় কমিটির সভাপতিত্ব করবেন। বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। অনুমোদন পেলে একই বৈঠকের পর সরকারি ক্রয় কমিটির বৈঠকে তা চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউস থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন সরাসরি ক্রয়ের প্রস্তাব পেশ হতে পারে। এছাড়া ইউএইর ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে এক লাখ টন ডিজেল এবং কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে পাঁচ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব থাকতে পারে।

গত ৩১ মার্চ ক্রয় কমিটির বৈঠকে মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছিল। চলতি এপ্রিলে দেশের ডিজেলের চাহিদা প্রায় সাড়ে তিন লাখ টন। আজ যে প্রস্তাব উঠেছে, তাতে ১৭ লাখ টনের মধ্যে ১৬ লাখ টনই ডিজেল। অনুমোদিত হলে আগামী মে ও জুনে এসব তেল দেশে পৌঁছাবে।

ক্রয় কমিটির অনুমোদনের পর কোম্পানিগুলো থেকে পারফরম্যান্স গ্যারান্টি নেওয়া হবে। এরপর বিপিসি ঋণপত্র খোলার মাধ্যমে কার্যাদেশ দেবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, জরুরি বৈঠক ডাকা হয়েছে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্য। দেশে অকটেনের সরবরাহে সংকট নেই, অন্তত তিন মাস চলার মতো অকটেন মজুদ আছে। চলতি এপ্রিলে ডিজেলেরও সংকট নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights