ডিমলায় বর্জ্য পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

নীলফামারী প্রতিনিধি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে নীলফামারীর ডিমলায় বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে জনগণ। এসময় উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে উপজেলা সদরের অনেক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ আবার ভাংচুর বা ধ্বংসযজ্ঞের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে।

এদিকে, শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট,চাঁদাবাজি না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights