ডুয়েটের সার্বিক উন্নয়নে শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর শিক্ষা, গবেষণা এবং সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে ডুয়েটের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়-ভূমি সম্প্রসারণ, সমাবর্তন আয়োজন, বাজেট, প্রশাসনিক কাঠামো (অর্গানোগ্রাম) হালনাগাদকরণ, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং এবং প্রস্তাবিত প্রকল্পসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডুয়েটের পরিচালকের (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের সহকারী পরিচালক মো: জিয়াউল হক শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের চলমান সার্বিক পরিস্থিতি যেমন- শৃঙ্খলাপূর্ণ একাডেমিক পরিবেশ, এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, উন্নত গবেষণা সুবিধা, উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনা এবং দেশের আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে অবদানসহ সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের এসব সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ডুয়েটের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ডুয়েটের পক্ষ থেকে উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হলে তিনি তা সদয়ভাবে গ্রহণ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টার দিক-নির্দেশনা ও মন্ত্রণালয়ের সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল এবং দেশের টেকসই উন্নয়নে ডুয়েট আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাণপ্রিয় এই ডুয়েটকে জ্ঞান সৃষ্টি, শিক্ষা, উদ্ভাবন এবং গবেষণার উৎকর্ষতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights