ডুয়েটে বিজয় ২৪ হলের সম্প্রসারণ কাজের উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এম-ডুয়েট প্রকল্পের আওতায় বিজয় ২৪ হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডুয়েটের স্মরণাতীত কালের সর্ববৃহৎ এম-ডুয়েট প্রকল্পের আওতায় গবেষণাগারসমূহের সক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য এম-ডুয়েট একটি স্মার্ট প্রকল্প হিসেবে একনেকে অনুমোদিত হয়েছে। অনুমোদনের পর থেকে এযাবৎ সংশ্লিষ্ট সকলের সততা ও নিষ্ঠাপূর্ণ নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন ধাপ সফলভাবে বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের সামগ্রিক বিষয়েও সততা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সরকারি বিধি-বিধান অনুযায়ী বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অগ্রাধিকারভিত্তিতে আজ শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ডুয়েট টাওয়ার বিল্ডিং এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিজয় ২৪ হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এম-ডুয়েট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রকল্প-সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদার, কেন্দ্রীয় মসজিদের খতিব, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে এম-ডুয়েট প্রকল্পের অধীনে শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেইন ক্যাম্পাসে অবস্থিত টাওয়ার বিল্ডিংয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করা হয়। তার আগে শিক্ষার্থীদের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হলসংলগ্ন একটি সাইকেল শেড উদ্বোধন করা হয়।
