ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে রাজধানীর দুই সিটি কর্পোরেশনসহ সারা দেশে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, জনগণ সচেতন হলে এবং সঠিকভাবে ওষুধ প্রয়োগ করা গেলে এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই সচেতন হলে এবং সঠিক ওষুধ প্রয়োগ হলে এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে আশা করছি। জনগণের কাছে সেবা সঠিকভাবে পৌঁছে দিতে কাজ করছি, এটিই আমাদের কাজ।’

রবিবার সচিবালয়ে ডেঙ্গু বিষয়ক টাস্কফোর্স কমিটির জরুরি সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে সচেতন আছি। রাজধানীর দুই সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। জাপানসহ বিভিন্ন দেশের সহযোগিতায় মশা নিধনের স্প্রে নিয়ে গবেষণা চলছে। প্রতিরোধমূলক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে চায় সরকার।

সীমিত সম্পদের মধ্যেই সরকার কাজ করছে জানিয়ে আবদুল মঈন খান বলেন, সব প্রয়োজন হয়তো পূরণ করা সম্ভব হচ্ছে না, তবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবার যেন মশা ও লার্ভার বিস্তার বাড়তে না পারে, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights