ডেঙ্গু কেড়ে নিলো চিত্রশিল্পী তিশার প্রাণ

ফেনী প্রতিনিধি
ডেঙ্গু কেড়ে নিলো চিত্রশিল্পী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠক তানিয়া ফারাবী তিশার প্রাণ। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পিতা নুরুল আবসার বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল আবসার জানান, তানিয়া ফারাবি তিশা ফেনী সরকারী কলেজ থেকে অনার্স শেষ করার পর ঢাকা আর্ট কলেজে পড়াশোনা করেন। পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একটি সিএ প্রতিষ্ঠানেও পড়াশোনা করতেন। চারদিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাকে দেখাশোনার কেউ না থাকায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার দুই ঘণ্টা পরে তার পালস্ ফিরে আসে। পরে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে আজ দুপুরে তার মৃত্যু হয়।

ফারাবি তিশার ফুফু সাহিদা সাম্য লীনা জানান, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের ঘোনা এলাকায়। আজ শুক্রবার রাতে গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
তিনি জানান, তিশা ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্র শিক্ষক হিসেবেও কাজ করতেন। গত বছর তিশা ও তার বন্ধুরা ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে গ্রাফিতি অঙ্কন করে শহরবাসীর প্রশংসা অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights